Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

সত্যের খোঁজে অপূর্ব-ইয়াশ, আসছে ‘হেডলাইন’

সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন মুক্তি পাবে

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

সত্য অনুসন্ধানের লড়াই নিয়ে তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। ইতোমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে। সালেহ সোবহান অনীমের পরিচালনায় এটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে।

বুধবার (১৭ জুন) থেকে হইচইয়ে দেখা যাচ্ছে দুই মিনিট ২৪ সেকেন্ডের ট্রেইলারটি। ট্রেইলারজুড়ে দেখা গেছে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই এবং সেই অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্প।

একইসঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ।

৮ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেক।   

ট্রেইলারে দেখা যায়, তরুণ রিপোর্টার সামিউল ভেবেছিলেন - সে ক্যারিয়ারের সবচেয়ে বড় একটা কাজ পেয়েই গেছে। বিশাল এক অর্থ পাচারকারী চক্রের তথ্য ফাঁস করে দিয়েছিলেন সামিউল। কিন্তু প্রথম পাতায় ছাপা তার প্রতিবেদনটা রাতারাতি গায়েব হয়ে যায়।

অন্যদিকে তার কাজের সঙ্গী সাংবাদিক জহিরও জড়িয়ে পড়েন এই ঘটনায়। তাদেরকে ধরার জন্য আবার হন্যে হয়ে পিছু নেয় দুর্নীতিবাজরা। এমনই নানামুখী বিপদের ঘটনা এবং সেসবের সম্মুখীন হওয়ার ঘটনা দেখা গেছে ট্রেইলারে।

‘গোলাম মামুন’ মুক্তির প্রায় দুই বছর পর আবার ওটিটিতে ফিরেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘হেডলাইন’ এ তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, যার নাম জহির।

জহির চরিত্রটি নিয়ে অপূর্ব বলেন, “শুধু চরিত্র নয়, হেডলাইন এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।”

তিন বছর পর আবারও ওটিটির কাজে ফিরেছেন আফসান আরা বিন্দু।

   

About

Popular Links

x