একদিকে যেমন বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে “পুষ্পা ২: দ্যা রুল”, অপরদিকে দক্ষিণি তারকা আল্লু আর্জুনকে নিয়ে চলছে একের পর এক বির্তক। গত ৪ ডিসেম্বর একটি পেইড প্রিমিয়ারের আয়োজনে হঠাৎ হাজির হন এই দক্ষিণি তারকা। তাকে একবার দেখার আশায় হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতেই পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। পরবর্তী সময়ে সেই নারী মারা যাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সেই ঘটনার ৮ দিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাকে জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট।
এ ঘটনার পর থেকে হায়দরাবাদে আল্লু আর্জুনের জুবিলি হাউসের বাড়ির সামনে বিক্ষোভ করার সময় বাড়িতে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর আল্লু আর্জুনের ছেলে ও মেয়েকে তাদের দাদার বাসায় পাঠানো হয়েছে। সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আল্লু আর্জুন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
এ ঘটনার পর আল্লু আর্জুনের বাসায় হামলাকারীদের শনাক্ত করেছে হায়দরাবাদের পুলিশ। পুলিশ জানায়, আল্লু আর্জুনের জুবিলি হিলসের বাড়িতে এই হামলা চালিয়েছেন ওসমানিয়া বিশ্ববিদ্যালযেল জয়েন্ট অ্যাকশন কমিটির একদল সদস্য। রবিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। প্ল্যাকার্ড হাতে নিয়ে কয়েকজন ব্যক্তি হঠাৎই জুবিলি হিলসের অভিনেতা আল্লু অর্জুনের বাড়ির ভেতর ঢুকে পড়েন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এদের মধ্যে একজন বাড়ির ভেতরে টমেটো ছুড়তে শুরু করেন। নিরাপত্তা কর্মীরা আপত্তি জানালে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এরপর বিক্ষোভকারীরা নিরাপত্তা কর্মীদের মারধর শুরু করেন। বাড়ির ভেতরের ফুলের টব ভাঙচুর করেন।
এরপর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে অপরাধের সঙ্গে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। তাদের সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ।



আল্লু আর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ, পাথর নিক্ষেপ
পুষ্পা খ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু আর্জুন গ্রেপ্তার