প্রাথমিক পর্যায়ে আন্ডার গ্রাউন্ড ব্যান্ড হিসেবে সৌদি আরবের রিয়াদে যাত্রা শুরু করেছিল দেশটির প্রথম নারী রক ব্যান্ড “সিরা”। পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে গড়ে ওঠেছে এই ব্যান্ড। পাশ্চাত্যের সঙ্গে দেশীয় সংস্কৃতির মিলন ঘটিয়েছে তারা। ফলে তাদের গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে শ্রোতাদের মাঝে।
তবে রিয়াদে কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষশাসিত সমাজ থাকা সত্ত্বেও নিজেদের মতো করে এগিয়ে গেছে সিরা। এই ব্যান্ড সদস্যরাও অবশ্য তাই মনে করেন। তাদের ভাষ্য, সৌদির এমন বিধির মাঝে ব্যান্ড সিরা নারী শিল্পীদের জন্য অনুপ্রেরণা।
শুধু তাই নয়, আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য হলো সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহ সৃষ্টি করা। সদস্যরা জানান বিধিনিষেধ সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা।
এ বিষয়ে ব্যান্ডের প্রধান ভোকাল নোরা বলেন, ‘‘সৌদি নারীরা নিজেদের সঙ্গীত নিয়ে উপযুক্ত বলে মনে করেন না। আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক।’’
গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক-আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরা। ২০০৮ সালে “দ্যা একোলেড” নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল। যাদের শুধু আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেল ব্যান্ডটি।
উল্লেখ্য, ভিশন ২০৩০ সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি সরকার। কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে অনেক পরিবর্তন। বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে। ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে সৌদি নারীরা বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।



