গত ৫ জানুয়ারি ৩৯ বছরে পা রাখলেন বলিউডের দাপুটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে দীপিকার কর্মজীবন শুরু হয়েছিল ২০০৫ সালে। সে বছরই প্রথম ভারতীয় পোশাকশিল্পী সুনীত বর্মার জন্য মার্জার সরণীতে হেঁটেছিলেন তিনি। তার পর থেকে একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি। অভিনয়ের সফর শুরু করেন “ঐশ্বর্য” সিনেমা দিয়ে। তার পরেই ২০০৭ সালে বলিউডে পা।
প্রথম সিনেমাতেই বলিউডের বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ‘‘ওম শান্তি ওম’’ সিনেমাতে শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। টানা টানা চোখে টানা কাজল, হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা। এর পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে ভারতের প্রথম সারির অভিনেত্রীদের একজন তিনি। পারিশ্রমিকের দিক থেকেও তালিকায় সবার ওপরে।
বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটি রুপি সম্পত্তির মালিক। জানা যায়, প্রতি সিনেমার জন্য ৩০ কোটি টাকার আশপাশে পারিশ্রমিক নেন তিনি। এ হিসেবে প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি রুপি। বার্ষিক আয় ৪০ কোটির আশপাশে ঘোরাফেরা করে। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
বলিউডে পা রাখার পর প্রথম ২০১৩ সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিংহের সঙ্গে জোট বেঁধে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাড়ি ক্রয় করেন দীপিকা। ১১,২৬৬ বর্গফুটের সেই বাড়ির দাম ছিল ১১৯ কোটি রুপি।
এখানেই শেষ নয়। ওরলিতে ৫ রুমের একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীরের, যার দাম ৪০ কোটি রুপি। মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দীপবীর। সেখানেও তাদের একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম প্রায় ২২ কোটি রুপি।
এছাড়াও বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন দীপিকা পাডুকোন। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের দূত হিসেবেও আয় করেন তিনি। বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে বলে জানা যায়।



