জনপ্রিয় ফ্যামিলি শো “ফ্যামিলি ফিউড” আসছে বাংলাদেশের টেলিভিশনের পর্দায়। ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে সম্প্রচার শুরু হবে এই অনুষ্ঠানের। পরবর্তী সময়ে ওটিটি প্লাটফর্ম বঙ্গতেও দেখা যাবে তাহসান খানের উপস্থাপনায় এই অনুষ্ঠান।
বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তাহসান এ বিষয়ে কথা বলেন।
উপস্থাপনা প্রসঙ্গে তাহসান বলেন, “বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ‘ফ্যামিলি ফিউড’। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে হোস্টিং করতে পেরে আমি সম্মানিত হয়েছি। আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এই শো পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এ ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।’’
অনুষ্ঠানের বিশেষ পর্বগুলোতে থাকবেন অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশসহ আরও অনেকেই।
উল্লেখ্য, অনুষ্ঠানটির ২৪ টি পর্ব থাকবে। প্রতি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে। মোট ৩টি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেওয়ার সুযোগ থাকছে। থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘‘ফাস্ট মানি’’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।



