শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। তাকে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেওয়া হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।
তিনি জানান, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে।
শনিবার সকালে তিনি বলেন, “সকালে শ্বাসকষ্ট উঠেছিল। এখন একটু ভালো আছে; চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর বলেন, “তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।”
ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকারের “ফুকুওয়াকা এশিয়ান কালচার” পুরস্কারও পেয়েছেন তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।



