২৪ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। খবর কোরিয়া টাইমসের।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিউলের সংসু-ডং এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‘‘দ্যা ম্যান ফ্রম নোহোয়্যার’’, ‘‘আ ব্র্যান্ড নিউ লাইফ’’, ‘‘দ্যা নেইবার’’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছিলেন এই অভিনেত্রী। তাকে কোরীয় চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তার মৃত্যুতে কোরীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এনেছে।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, তারা এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো কিছু পায়নি। তবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক বন্ধু কিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। পরে পূর্বনির্ধারিত একটি মিটিংয়ে যোগ দিতে কিমের বাড়ি গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০০০ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী মাত্র ৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন। ‘‘আ ব্র্যান্ড নিউ লাইফ’’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন তিনি। এই সিনেমাটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।



