বাংলাদেশি চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন পিংকি আক্তার নামে এক গৃহকর্মী। এ নিয়ে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি। এই ইস্যুকে ঘিরে চলছে পাল্টা বক্তব্য। এমন অবস্থায় এই ইস্যু নিয়ে কথা বললেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রেমিক হিসেবে সমালোচিত তরুণ গায়ক শেখ সাদী।
এর আগেও পরীমণি ইস্যুতে কথা বলতে দেখা গেছে তাকে। আদালতে পরীর হয়ে জামিনদারও হয়েছেন তিনি।
শেখ সাদী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। পোস্টের শুরুতেই তিনি কয়েকটি প্রশ্ন রেখে লেখেন, “একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেইপিস্ট! যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটা অবাস্তব। এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন, এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারতেছেন না। মানুষ আপনার বাবা-মাকে ট্যাগ করতেছে। আপনার আত্মীয়-স্বজনকে ট্যাগ করতেছে। আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেটা শেয়ার করে ছিঃ ছিঃ করতেছে। কিন্তু আপনার কিচ্ছু করার নাই। আপনি কয়জনকে বুঝাবেন? মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মান হানী হয়, আপনার করারও কিছু থাকে না। তখন আসলে আপনার পরিস্থিতিটা কী হতে পারে একবার কি ভেবেছেন?”
পোস্টে সাদী আরও উল্লেখ করে, “আপনাদের জীবনে এমন কি কখনও হয় নাই যে আপনি কোনো কাজ ঠিক মত করার পরও, আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়নো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরিকে বুলিং করছেন। একজন নামপরিচয়হীন মানুষ, যাকে কেউ চেনেনা, তার কথার ওপর ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো। তার অযাচিত কথা দেশব্যাপী ছড়ানো হলো। একবারও কি মনে হলো না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী? সেটা যাচাই ছাড়াই সস্তা ভিউয়ের জন্য এসব প্রচার করলেন। এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা ক্লিয়ার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা। আর পরীর সঙ্গে আমি ও আমার পরিবার, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করে না। পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার। কিন্তু তার উপহারস্বরূপ যেকোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাকে হেয় করার চেষ্টা করা হয়!”
তিনি আরও বলেন, “কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছে তাদের রুটি-রুজি অংশ! তারা ভুলে যায়, নায়িকা চরিত্রের বাহিরেও পরী একজন নারী, একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ।”



পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ
পরীমণির জামিনদার কে এই সাদী?