Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিমান্ড শেষে অভিনেতা সিদ্দিক কারাগারে

সাত দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:০৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৯ এপ্রিল বিকেলে কাকরাইল এলাকায় অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় একদল বিক্ষুব্ধ জনতা। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে ৩০ এপ্রিল তাকে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

   

About

Popular Links

x