Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন

২ জুন থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেত্রী

আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:০৯ পিএম

রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম প্রথম আলোকে অভিনেত্রীর ছোট ভাই ইনজামুল রামিম খবরটি নিশ্চিত করেছেন।

২ জুন থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেত্রী। আগেই তাকে ‘‘ক্লিনিক্যালি ডেড’’ ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এর জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকেরা। স্বামীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার রাতে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছেন অভিনেত্রীর পরিবার।

তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘আপুকে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাব। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।’’

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

‘‘মাটির পরী’’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তানিন সুবহার। এরপর নাম লেখান বেশ কিছু সিনেমায়। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

   

About

Popular Links

x