Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অফিসে সারাদিন এসি চলছে, ক্ষতি থেকে বাঁচবেন কীভাবে?

বিশেষজ্ঞরা বলছেন, টানা ৮-১০ ঘণ্টা সেন্ট্রাল এসির মধ্যে থাকলে ত্বক ও চুলের ক্ষতি হয়

আপডেট : ০৭ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

প্রচণ্ড গরমে ঘমাক্ত হয়ে অফিসে ঢুকেই শান্তি। কয়েক মিনিটেই শরীর ঠান্ডা। এভাবে ঘণ্টার পর ঘণ্টা এসির মধ্যে থাকতে কার না ভালো লাগে। এই গরমে অফিসটাই যেন স্বর্গ। খানিকক্ষণ থাকলেই শরীর ও মনে প্রশান্তি। কিন্তু টানা ৮-১০ ঘণ্টা সেন্ট্রাল এসির মধ্যে থেকে আপনার শরীরের বারোটা বাজছে না তো? কৃত্রিম ঠান্ডায় সবচেয়ে বেশি ক্ষতি হয় কীসে তা জানেন?

অফিসের সেন্ট্রাল এসি বাতাসের আর্দ্রতা শুষে নেওয়ার এক বিশাল ‘ড্রায়ার’ হিসেবে কাজ করে। বাড়ির এসির তুলনায় অফিসের পরিবেশ অনেক বেশি শুষ্ক। এখানে জানালা খোলার উপায় নেই। ফলে একই বাতাস বারবার পরিশ্রুত হয়ে ফিরে আসে। একে বলে ‘রিসাইক্লিং’। এর প্রভাবে ত্বকের কোষে পুষ্টি পৌঁছাতে দেরি হয়। টান ধরে ঠোঁটে। দেখা দেয় অকাল বলিরেখা। ত্বকের কোলাজেন ও ইলাস্টিন প্রোটিন নষ্ট হওয়ায় চামড়া কুঁচকে যায় খুব দ্রুত।

চুলেই কী প্রভাব পড়ে?

চুলের অবস্থাও বেশ নাজুক হয়ে পড়ে। এসি শুধু বাতাস নয়, চুলের কিউটিকল থেকেও জলীয় বাষ্প টেনে নেয়। ফলে চুল তার স্বাভাবিক জৌলুস হারিয়ে শুকনো হয়ে যায়। জট পড়া, ডগা ফাটা বা চুল পড়ার সমস্যা বাড়ে। বিশেষ করে যাদের এগজিমা বা সোরিয়াসিসের মতো চর্মরোগ আছে, এসির ঠান্ডা বাতাসে তাদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যেতে পারে।

তাহলে চাকরি ছেড়ে দেবেন?

একেবারেই নয়। কিছু ছোটখাটো ব্যবস্থা নিলেই ঠেকিয়ে দেওয়া যায় এই ক্ষতি। প্রথমেই পানির সঙ্গে বন্ধুত্ব করুন। দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে। বেশ কয়েকবার মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক সজীব থাকবে। কাজের ফাঁকে ভালো মানের ময়েশ্চারাইজারও লাগাতে পারেন।

চুল বাঁচাতে অফিসের যাওয়ার আগে সিরাম ব্যবহার করুন। খোলা চুলে এসির মধ্যে না থাকাই ভালো। নারীরা হালকা করে চুল বেঁধে রাখুন বা স্কার্ফ ব্যবহার করতে পারেন। যদি সুযোগ থাকে, স্ন্যাক প্ল্যান্ট বা মানিপ্ল্যান্টের মতো ইনডোর গাছ পাশে রাখলে প্রাকৃতিকভাবেই আর্দ্রতা বজায় রাখা সম্ভব।

টানা বসে না থেকে মাঝে মাঝে অফিসের বাইরে স্বাভাবিক তাপমাত্রায় ৫-১০ মিনিট ঘুরে আসুন। বাড়িতে ফিরে গরম পানিতে গোসল করে ভালো করে ত্বকে মাসাজ করুন। রাতে শোওয়ার আগে চুলে নারকেল তেলের মালিশ হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনতে দারুণ কাজ দেবে। কিছু বিষয়ে সতর্ক হলে বজায় থাকবে আপনার চিরসবুজ রূপ।

   

About

Popular Links

x