Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেস্ট খেলা প্রথম বাঙালি খোকন সেনের জন্মবার্ষিকী আজ

প্রবীর সেন তথা খোকন সেনের স্মরণে কলকাতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় পি সেন মেমোরিয়াল ট্রফি। কিন্তু কুমিল্লায় জন্ম নেয়া এই সন্তান বাংলাদেশে এক কথায় বিস্মৃত

আপডেট : ৩১ মে ২০২২, ০৩:৪৫ পিএম

এ খোকন ঘরের-ই খোকন। ইতিহাস ভুলে যাওয়া বাঙালির খোকন। আমাদের জনপদ কুমিল্লায় ১৯২৬ সালের আজকের দিনে জন্ম নেওয়া গর্বের খোকন।

প্রবীর সেন বা খোকন সেন নামে পরিচিত এ প্রতিভা হচ্ছেন ভারতের হয়ে প্রথম টেস্ট ক্রিকেট খেলা বাঙালি। ১৯৪৮ সালের ১ জানুয়ারি ছিল সেই ক্ষণ। ডন ব্র্যাডম্যানময় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত মেলবোর্ন টেস্ট খেলে যিনি ইতিহাস সৃষ্টি করেন। তিনি ছিলেন একাধারে উইকেটরক্ষক, কার্যকর ডানহাতি লোয়ার অর্ডার ব্যাটার ও অকেশনাল বোলার।  

১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ব্যাপ্তি খোকন সেনের টেস্ট ক্যারিয়ার। এ সময়ের মধ্যে টেস্ট খেলেছেন ১৪টি। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। এ ফরমেটে তার রান সংখ্যা ১১.৭৮ গড়ে ১৬৫। বরং উইকেটকিপার খোকন বেশি প্রভাব বিস্তার করেছেন। তার ঝুলিতে ক্যাচ আছে ২০টি। স্ট্যাপিংয়ের সংখ্যা ১১টি।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খোকন সেনের ক্যারিয়ার উজ্জ্বলতর। ৩টি সেঞ্চুরিসহ ২৩.২৪ গড়ে ২,৫৮০ রান আছে তার এই ফরমেটে। তার গ্ল্যাভসে ধরা ক্যাচ সংখ্যা ১০৮। আর স্ট্যাপিংয়ের কৃতিত্ব ৩৬টি।

বিশ্ব ক্রিকেট তাকে মনে রাখবে- একটি প্রথম শ্রেণির ম্যাচে স্যার ডন ব্র্যাডম্যানকে স্ট্যাপিংয়ের কারণে। সময় তখন ১৯৪৭-৪৮ ক্রিকেট মৌসুম। অস্ট্রেলিয়ার মাটিতে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচ। অ্যাডিলেড ওভালের ওই খেলায় তিনি ভিনু মানকাড়ের বোলিংয়ে স্টাম্পিং করেন স্যার ডন ব্র্যাডম্যানকে। এই বঙ্গসন্তান খোকন সেনের এমন রেকর্ড আর কোনো ভারতীয় উইকেটকিপারের নেই।  

খোকন সেনের সময়ে উইকেটরক্ষক হিসেবে মূল একাদশে খেলা নিয়ে ভারতীয় দলে চলছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তিনি প্রতিযোগী হয়ে পড়েন মাধব মন্ত্রী, ইব্রাহিম মাকা ও বিজয় রাজিন্দর নাথের। টিম নির্বাচকেরা এই পজিশনে খুঁজছিলেন অলরাউন্ডার। খোকন সেনের ব্যাটে তখন খরা। যদিও কিপার হিসেবে তিনি দুর্দান্ত। কিন্তু ভারতের মাটিতে ওয়েস্টইন্ডিজ ট্যুরের পর তিনি জাতীয় টেস্ট দল থেকে বাদ পড়েন। কিন্তু হতাশ হয়ে ভেঙে পড়ার ধাত তার নয়। তাক লাগানো পারফরমেন্স দেখাতে থাকেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ১৯৫০-৫১ মৌসুমে বিহারের বিপক্ষে খোকন সেন ক্যারিয়ার সেরা ১৬৮ রানের এক ইনিংস খেলেন। নবম উইকেট জুটিতে জ্যোতিশ মিত্রের সঙ্গে করেন ২৩১ রান। যে সংগ্রহ এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১১তম সেরা নবম উইকেট জুটির রেকর্ড।

ক্রিকেট মাঠের সব্যসাচী প্রবীর সেন তথা খোকন সেনের বোলিং ক্যারিয়ারও উল্লেখযোগ্য। তার আছে একটি হ্যাটট্রিকসহ ৭টি প্রথম শ্রেণির উইকেট। সব মিলিয়ে উত্থান-পতনে ঠাঁসা অনন্য এই বাঙালি ক্রিকেটারের ক্যারিয়ার।

জীবন থেকে অনন্তলোকে পাড়ি জমানোর মুহূর্তেও ক্রিকেট মগ্ন ছিলেন অদ্বিতীয় বাঙালি খোকন সেন। জাতীয় দল ও প্রথম শ্রেণির ম্যাচ থেকে তখন তিনি অবসরে। কলকাতার ক্লাব ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন। ১৯৭০ সালের ২৭ জানুয়ারি এক ম্যাচ শেষে মাঠে স্ট্রোক করেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বয়স ৪৪ না হতেই তার নক্ষত্রসম জীবনের সমাপ্তি ঘটে।

প্রবীর সেন তথা খোকন সেনের স্মরণে কলকাতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় পি সেন মেমোরিয়াল ট্রফি। কলকাতার ক্লাব ক্রিকেটের সম্মানজনক আসর এটি। কিন্তু কুমিল্লায় জন্ম নেয়া এই সন্তান বাংলাদেশে এক কথায় বিস্মৃত। বিশ্ব দরবারে বাঙালির ক্রিকেটযাত্রার সুবর্ণক্ষণে খোকনের প্রতি বাংলার ঋণ আজীবনের। পথ দেখানো গুরু হিসেবে তার স্বীকৃতি ইন্দো বাংলা ক্রিকেট মৈত্রীতে নতুন যোজনা তৈরি করতে সক্ষম। দুই দেশেরই ক্রিকেট কর্তাদের তা ভেবে দেখার সময় এখনই।

   

About

Popular Links

x