Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিউবার রাস্তায় এখনো দেখা যায় পূর্ব জার্মানির ‘এমজেড’ মোটরসাইকেল

২০০৮ সালে জার্মানির এমজেড মোটরসাইকেল কোম্পানিটি বন্ধ হয়ে যায়। তবে এখনো কিউবার সান্তিয়াগো ডি শহরের রাস্তা এই মোটরসাইকেলটির দখলে। শহরটির প্রায় ১০ হাজারের বেশি মানুষ এই মোটরসাইকেলটি ব্যবহার করেন

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৩:২২ পিএম

একসময় পূর্ব জার্মানিতে তৈরি এমজেড মোটরসাইকেল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল। ২০০৮ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়। তবে এখনো কিউবার এক শহরে এই মোটরসাইকেলের জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে।

কিউবার সান্তিয়াগো ডি কিউবা শহরটি এই মোটরসাইকেলের জন্য এমজেড-এর রাজধানী বলে পরিচিত। কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল- সংখ্যায় ১০ হাজারের বেশি।

কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্তিয়াগো। সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করেন। এর মধ্যে কয়েক হাজার মানুষ আশির দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান। তাদের একজন উইলমেন্স অবরেগন অর্টিজ।

তিনি বলেন, “খুব তাড়াতাড়িই আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম। ভালো টাকা আয় করতাম। তাই মনে হয়েছিল এটা কেনা যায়। তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম। একসময় তারা মোটরসাইকেল আমদানির অনুমতি দেয়।”

পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য ছিল এমজেড। ১০০-র বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল।

কিউবার প্রায় ৩০ হাজার নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন। সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান। এখনো সেইসব এমজেডের প্রায় সবগুলো রাস্তায় চলছে। সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়। 

মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে সেখানে। অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে। অনেকে শক অবজার্ভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন।

কিউবার বেশিরভাগ রাস্তা পুরোনো, অনেক গর্তও আছে। অনেক রাস্তা আবার পাকাও নয়। এমন রাস্তার জন্যই এমজেড তৈরি। এটি যেমন ঠিক করা সহজ, তেমনি রক্ষণাবেক্ষণও সহজ।

   

About

Popular Links

x