পরীক্ষায় ফলাফলের জন্য প্রায় সবার মধ্যেই কাজ করে উদ্বেগ। আর সেই ফলাফল যদি মনমতো না হয়, তা নিয়ে মানসিক চাপে ভোগেন অনেকেই। তবে পরীক্ষার ফলাফলই জীবনে সব কিছু নয়। বরং নিজেকে মানিয়ে সামনে অগ্রগতির দিকে ছুটে চলাই গুরুত্বপূর্ণ। কিন্তু এমন পরিস্থিতিতে কীভাবে নিজের মনকে মানাবেন?
পরিস্থিতি মেনে নিন: পরীক্ষায় ফলাফল মনমতো না হলে তাতে ভেঙে পরা স্বাভাবিক। তাই এটিকে মেনে নিন। আর নিজেকে গুছিয়ে নিন। পরিস্থিতি হয়েছে, সেটিকে জীবনের অংশ মনে করতে পারলে দেখবেন অনেকটাই হাল্কা লাগছে।
ইতিবাচক চিন্তা করুন: এটা সত্যি যে পরীক্ষার ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটিই একমাত্র বিষয় নয়। ফলে নিজের সক্ষমতার ওপর ভরসা রাখুন। চিন্তা করুন, এটিতে মনমতো না হলেও নিশ্চই এমন কিছু অর্জন আপনার রয়েছে, যেখানে আপনি এরইমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তাই ইতিবাচকভাবে ভাবুন। দেখবেন, চিন্তা অনেকটাই কমে যাবে।
নতুন লক্ষ্য নির্ধারণ করুন: যা ঘটে গেছে, তা কি পরিবর্তন সম্ভব? এই প্রশ্ন করুন নিজেকে। যদি দেখেন, যা ঘটে গেছে সেখানে আসলে কিছুই করার নেই। তাহলে এই বিষয় নিয়ে চিন্তা বাদ দিন। বরং নতুন কিছু করার চিন্তা করুন। পড়ুন, শিখুন ও আবার নিজেকে নতুন কিছুতে যুক্ত করুন। লক্ষ্যে অবিচল থাকলে আরও আত্মবিশ্বাসী বোধ করবেন।
নেতিবাচক চিন্তা বাদ দিন: যা মন্দ হয়েছে, তা নিয়ে ভাবার মানেই হলো সময়ের অপচয়। তাই যখনই নেতিবাচক চিন্তাভাবনা আসে তখনই আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিন। ব্যায়াম, শখের কাজ বা প্রিয়জনের সাথে সময় কাটানোর মতো কাজগুলো করুন।



