অনেকেই আছেন, মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতার কারণে গাড়িতে চড়ে বমি করেন বা বমি বমি ভাবের জন্য অস্বস্তিকর অবস্থায় পড়েন। ফলে অনেক সময়ই বেড়ানোর আনন্দ মাটি হয়ে যায়। সফরকালে কোনো বাজে গন্ধ, ধোঁয়ার গন্ধ বা পেট্রোল, ডিজেলের গন্ধেও বমি বমি ভাব আসতে পারে। সেই সঙ্গে মাথা ঘুরতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, সেনসারি মিস ম্যাচ থেকেও হয় মোশন সিকনেস।
গাড়িতে চড়লেই কেন বমি হয়
সাধারণত মাইক্রোবাস, বাস, গাড়ি, ট্রেন, স্টিমার, লঞ্চ ইত্যাদিতে চড়লে অনেকেরই মোশন সিকনেস দেখা দেয়। গাড়িতে ওঠার পর আমাদের মস্তিষ্ক ধরে নেয়, সে স্থির অবস্থায় আছে। কিন্তু চোখ দেখতে পায় সবকিছু চলমান। অর্থাৎ চোখ ও মস্তিষ্কের এই সমন্বয়হীনতার কারণেই তৈরি হয় মোশন সিকনেস। আর এ থেকেই শুরু হয় বমি বমি ভাব।
এ সমস্যা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে নিচের পরামর্শগুলো মেনে চললে উপকার পেতে পারেন:
- লম্বা সফরে গাড়িতে গেলে অবশ্যই ব্যাগে আদা রাখুন। সফরের আগে দাঁতে কেটে নিন এক টুকরো আদা। এটি ব্যাগে রাখুন একটি কৌটয়।
- অ্যাসিডিটির সমস্যা থাকলে ব্যাগে রাখুন পুদিনা পাতা। অস্বস্তি মনে হলেই মুখে সামান্য পুদিনা দিয়ে রাখুন। এছাড়াও সঙ্গে সামান্য লেবু পাতা রাখলে, তার গন্ধে বমি বমিভাব কেটে যায়।
- হালকাভাবে দুচোখ বন্ধ করে রাখুন। অথবা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসুন। উপকারে আসবে।
- সামনের দিকে বা জানালার কাছে আসন নিন। জানালাটা খুলে দিন। ঠান্ডা বাতাস লাগবে শরীরে। ভালো লাগবে।
- গাড়িতে উঠেই বমিভাব লাগলে, মুখে লবঙ্গ রাখতে পারেন। এছাড়াও বমি হলে জোয়ান খেতে পারেন। বমির পর দারচিনি মুখে দিলেও ভালো লাগতে পারে। ফলে ব্যাগে এই তিন মশলার শিশি রেখে দিতে পারেন।
- যাত্রা শুরুর আগে ভরপেট খাবেন না বা পানি পান করবেন না।
- কিছু ওষুধ আছে, যেগুলো বমি বা বমি বমিভাব বন্ধ করতে পারে, চিকিৎসকের পরামর্শমতো তা নির্দিষ্ট মাত্রায় সেবন করতে পারেন গাড়িতে ওঠার আগে। গাড়িতে বসে আদা কিংবা চুইংগাম চিবালেও উপকার পাওয়া যায়।
যা করবেন না
গাড়িতে উঠলেই বমিবমি ভাব থাকলে, কখনওই পেছনের সিটে বসবেন না। চেষ্টা করবেন, যাতে গাদাগাদি করে গাড়িতে বসতে না হয়। এছাড়াও, মাথা নিচু করে কোনো কাগজ পড়া বা ফোন দেখবেন না। ঘুরতে যাওয়ার আগের রাতে কম সময় ঘুমোবেন না, ঘুম যেন ভালোভাবে দীর্ঘক্ষণ হয়, সেদিকে নজর রাখুন।
(এই প্রতিবেদন সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা।)



