Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্টেনলেস স্টিলের বাসন চিনবেন কিভাবে

স্টিল আর স্টেনলেস স্টিলের বাসনের গুণাগুণে বেশ পার্থক্য রয়েছে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম

রান্নাঘরে প্রতিদিন ব্যবহারের জন্য স্টেনলেস স্টিলের বাসন বেশ জনপ্রিয়। কিন্তু বাসন স্টিলের মতো দেখতে হলেই কি তা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি? স্টিল এবং স্টেনলেস স্টিলের বাসনের মধ্যে গুণেমানে বেশ পার্থক্য বিদ্যমান।

স্টিল লোহা আর কার্বন মিশিয়ে তৈরি হয়। কিন্তু স্টেনলেস স্টিলে নিকেল, ক্রোমিয়ামসহ বেশ কিছু ধাতু ব্যবহার হয়। স্থায়িত্বের দিক দিয়েও এগিয়ে স্টেনলেস স্টিল। এতে চট করে মরিচা পড়ে না। কিন্তু দোকানে যদি স্টেনলেস স্টিলের বদলে নিম্নমানের বাসন দেওয়া হয়, বুঝবেন কী করে? এছাড়া বাসন কেনার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, জেনে নিন।

১. ভালো মানের স্টেনলেস স্টিলের বাসন মজবুত, খানিকটা ভারী হবে। বাসনের বিষয়ে দক্ষ না হলে সাধারণ স্টিলের সঙ্গে এর পার্থক্য বোঝা কঠিন। তবে ভালো মানের স্টেনলেস স্টিলের বাসনের নিচে বিশেষ চিহ্ন বা নম্বর লেখা থাকবে।

২.স্টেনলেস স্টিলের হাড়ি, কড়াই, রান্নার অন্যান্য পাত্র সবই বিক্রি হয়। স্টিলের মান ভালো না হলে রুটি যেমন দ্রুত পুড়ে যেতে পারে, রান্নাতেও সমস্যা হয়। কড়াইয়ের নিচটা দ্রুত বেশি তেতে গেলে বা সমস্ত অংশ সমানভাবে গরম না হলে রান্না ভালো হবে না। স্টিলের কড়াইয়ের নিচে তামা বা অ্যালুমিনিয়ামের আস্তরণ রয়েছে, এমন বাসন কেনাই ভালো।

৩. বাসন ওজনে হালকা হলে ব্যবহার করতে সুবিধা হয়। তবে রান্নাবান্না করতে হলে ওজনে ভারী, তুলনামূলক মজবুত কড়াই, ডেকচি কেনাই ভালো। এতে রান্নাও যেমন ঠিকঠাক হবে, তেমনই বাসনের স্থায়িত্বও বেশি দিন হবে।

৪. স্টিলের বাসনেও হাতল এবং ঢাকনা থাকে। এই ধরনের বাসনের হাতল রান্নার সময় গরম হয়ে যায়। ফলে তাপনিরোধক আস্তরণ দেওয়া বাসন কিনতে হবে। ঢাকনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বাসনের হাতল মজবুত কি না, সেটাও দেখে নিতে হবে।

৫. জিনিস সস্তা দেখে অনেকে কিনে ফেলেন। অফার পেলেও কেনেন। কিন্তু যে বাসন কিনছেন, তার গুণমান যাচাই না করে নিলে পরে সমস্যায় পড়তে হতে পারে।

   

About

Popular Links

x