বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও চলমান মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। রিমঝিম এই বৃষ্টির মাঝে কাজের যত চাপই থাকুক না কেন, রোমান্টিক অনুভূতি যেন সবাইকে নাড়া দেয়। অনেকের দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে টানাপোড়েন লেগে থাকতে পারে। বৃষ্টির এসময়টা হতে পারে আপনার জন্য মোক্ষম একটি সুযোগ। রিমঝিম এই বৃষ্টিকে কাজে লাগিয়ে সম্পর্কের মধ্যে মধুরতা ফিরিয়ে আনুন। চলুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক।
জমিয়ে আড্ডা
কর্মজীবনের ব্যস্ততা আমাদের জীবনকে একঘেঁয়ে করে তুলেছে। তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই এখন কাজের ফাঁকে একটু সময় পেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ডুব লাগান। অনেকেই একঘেঁয়েমিতা দূর করতে, কোলাহল থেকে বাঁচতে ফেসবুককেই বেঁছে নেন। এই সমস্যাকে দূর করতে বৃষ্টিই হতে পারে আপনার মোক্ষম সুযোগ। এসময় ফেসবুক বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়ার চিন্তা না করে ঘরে সঙ্গীকে নিয়েই বসে পড়ুন খেলতে। দাবা, লুডু, তাস বা যেকোনো খেলা জমিয়ে তুলতে পারেন। যোগ দিতে পারেন পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও। খেলার সঙ্গে হালকা নাশতা হিসেবে চিড়া-মুড়ি, পপকর্ন, স্যুপ, পাকোড়া, খিচুড়ি হলে তো কথাই নেই। এতে সম্পর্ক মধুর হবে।

সঙ্গীকে রান্না করে খাওয়ানো
এমন অনেকেই রয়েছেন, যারা রান্নাঘরে হয়তো কোনো দিন ঢুঁ মেরেও দেখেন না। বৃষ্টির দিনকে কাজে লাগিয়ে সঙ্গীর সঙ্গে রান্নাঘরে চলে যেতে পারেন। এসময় নিজের হাতে রান্না করে সঙ্গীকে খাওয়াতে পারেন। দুজন মিলে মজার কিছু রান্না করে ফেলুন। অন্তত দুজন মিলে চা-কফি তৈরি করে হলেও একসঙ্গে বসে বৃষ্টি দেখতে দেখতে মধুর সময় কাটাতে পারবেন।
বই পড়া
বৃষ্টির দিন দুজন মিলে একসঙ্গে বই পড়ে দারুণ সময় কাটাতে পারেন। জানালার পাশে বসে বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে শুনতে গল্পের বই পড়তে পারেন, সে দারুণ এক সময় কাটবে। তবে খেয়াল রাখতে হবে, দুজন যেন বিচ্ছিন্ন হয়ে না বসেন। একটু ভালো লাগার স্পর্শ নিশ্চয়ই রোমান্টিক অনুভূতি বাড়িয়ে দেবে।
গল্পের আসর
অনেক পরিবারেই, স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করেন। এক্ষেত্রে সারা সপ্তাহ, সারা মাসজুড়ে হয়তো দুজনকেই ব্যস্ত থাকতে হয়। অনেক কথা জমে থাকে, বলি বলি করে হয়তো বলা হয়ে ওঠে না। বৃষ্টির দিনটি হতে পারে সেই না-বলা কথাগুলো বলে ওঠার মোক্ষম সময়। কোনো তাড়া নেই, নেই কোনো ব্যস্ততা। ঠান্ডা দিনে প্রিয়জনের উষ্ণ সান্নিধ্যে এসময় গল্পের আসরে মনোনিবেশ করতে পারেন।

সিনেমা দেখা
বাইরে রিমঝিম বৃষ্টি। আর এসময় দুজন মিলে পছন্দমতো কোনো দেখতে পারেন। ঘর আধো আলোতে একসঙ্গে বসে সিনেমা দেখা যেন সম্পর্ককে আরও মধুর করে তোলে।



