Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী: বাংলাদেশি ১০ হাজার শিক্ষার্থীকে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার দাবি অসত্য

বিবৃতিতে তিনি জানান, ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজের সুযোগ দিতে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার কোনো চুক্তি হয়নি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

মালয়েশিয়ায় উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির বলেছেন, দেশটিতে অধ্যয়নরত ১০,০০০ বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে “গ্র্যাজুয়েট পাস” দেওয়া হবে বলে যে দাবি করা হয়েছে, তা অসত্য ও ভিত্তিহীন। মালয়েশিয়ায় সংবাদমাধ্যম দ্যা স্টার ডটকম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি, যা দেশটিকে ১০,০০০ বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে বাধ্য করত।

ড. জাম্ব্রি কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহকে সতর্ক করে বলেন, “যে কোনো বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।”

তিনি বলেন, “বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে তিনি (হাইম হিলমান) অভিযোগ করেছেন, আমি মালয়েশিয়ায় থাকা ১০,০০০ বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছি, এ অভিযোগ সম্পূর্ণ ভুল ও অসত্য।’

তিনি আরও বলেন, “মালয়েশিয়া এ বিষয়ে কোনো সম্মতি দেয়নি এবং এতে মানুষ উদ্বিগ্ন হওয়া নিয়ে হাইম হিলমান যে দাবি করেছেন, সেটি অত্যন্ত দায়িত্বহীন মন্তব্য।”

মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী বলেন, “একজন একাডেমিক মানুষ হিসেবে তার উচিত সত্য, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা। শুধু অনুমান বা অসতর্কভাবে তথ্য প্রচার করা উচিত নয়। ভুল তথ্য দিয়ে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার জন্য কনটেন্ট তৈরির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।”

এর আগে, হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, ১০,০০০ বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য “গ্রাজুয়েট প্লাস ভিসা” চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়। এ ভিসার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী দেশটির দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে উচ্চক্ষমতাসম্পন্ন চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

   

About

Popular Links

x