Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি চালু করলো যুক্তরাষ্ট্র

‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর অনুমোদন দেওয়া হয়েছে 

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:০২ পিএম

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। 

দ্য ইকনোমিক টাইমস এর প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।   

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রচলিত নিয়ম অনুযায়ী, ‘এফ’ ক্যাটাগরির ভিসা পাওয়া শিক্ষার্থীরা একাডেমিক কোর্স বা পড়াশোনা চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে তাদের কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।

তবে নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা দেশটিতে থাকার জন্য একটি নির্দিষ্ট মেয়াদ পাবেন। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে পড়াশোনা শেষ না হয়, তবে শিক্ষার্থীদের দেশটিতে অবস্থান দীর্ঘায়িত করতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।  

হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (ওএমবি) ইতোমধ্যেই এই চূড়ান্ত প্রবিধানের পর্যালোচনা সম্পন্ন হয়েছে। নতুন এই নিয়ম মূলত এফ ভিসা ধারী শিক্ষার্থী, জে এক্সচেঞ্জ ভিজিটর, আই ক্যাটাগরির ভিসা ধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।  

প্রস্তাবিত নতুন নীতিমালার আওতায় ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বাতিল করা হলে অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ চার বছর অবস্থানের সময়সীমা নির্ধারণ করা হতে পারে। তবে চার বছরের বেশি সময় লাগলে তাকে বাড়তি মেয়াদের জন্য পুনরায় আবেদন করতে হবে।

এতে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা করছে কলেজ ও মেডিকেল সংগঠনগুলো। তাদের মতে, শিক্ষার্থীদের ডিগ্রি সম্পন্ন করতে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষ করে গবেষণা ও দীর্ঘমেয়াদি পড়াশোনায় থাকা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ২০২৫ সালে প্রথম এই পরিবর্তনের প্রস্তাব করেছিল। মূলত প্রথম ট্রাম্প প্রশাসনের মেয়াদে এই নীতির পরিকল্পনা করা হলেও সে সময় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই নতুন ভিসা নীতি চূড়ান্তভাবে কার্যকর হয়নি। হোয়াইট হাউসের অনুমোদনের পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও কার্যকর হওয়ার প্রক্রিয়া এখনও বাকি রয়েছে।

   

About

Popular Links

x