মার্কিন প্রতিরক্ষা দপ্তর “পেন্টাগন”র বিরুদ্ধে আদালতে মামলা করেছে চীনা প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
আলজাজিরা বলছে, মঙ্গলবার (২৩ জুন) ক্যালিফোর্নিয়ার সান জোসে ফেডারেল আদালতে এ মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদেরকে চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন।
যদিও পেন্টাগনের দাবি, আলিবাবা পরোক্ষভাবে চীনের ‘স্টেট-ওনড অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশন’ বা রাষ্ট্রীয় সম্পদ নিয়ন্ত্রকসংস্থার সঙ্গে যুক্ত।
এদিকে, পেন্টাগনের বিরুদ্ধে ওই মামলার অভিযোগে বলা হয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া মতপ্রকাশ ও প্রতিনিধিত্বের অধিকারের পরিপন্থী।
এ প্রসঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির মুখপাত্র। তিনি বলেন, “আলিবাবা কোনো সামরিক প্রতিষ্ঠান নয় এবং চীনের সামরিক-নাগরিক সমন্বয় কৌশলেরও অংশ নয়।”
এ মাসে পেন্টাগন একটি তালিকা প্রকাশ করে, যেখানে আলিবাবাকে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে উল্লেখ করা হয়। এই তালিকায় শুধু আলিবাবাই নয়, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডিকেও অন্তর্ভুক্ত করা হয়।



