Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন? যা জানলে অবাক হবেন

১৮৯৩ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার জার্সি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়ে যায়। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রকাশিত নতুন জার্সিতেও দেখা গেছে একটি বিশেষ সংখ্যা “১৮৯৩”। অনেক সমর্থকের মনেই প্রশ্ন জেগেছে, এই সংখ্যাটির তাৎপর্য কী?

আসলে “১৮৯৩” আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক। কারণ এই বছরেই প্রতিষ্ঠিত হয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), যা বিশ্বের অন্যতম প্রাচীন জাতীয় ফুটবল সংস্থা হিসেবে স্বীকৃত।

ব্রিটিশ বংশোদ্ভূত ক্রীড়া সংগঠক আলেহান্দ্রো ওয়াটসন হাটনের উদ্যোগে ১৮৯৩ সালে বুয়েনস এইরেসে এএফএর যাত্রা শুরু হয়। সেই সময় থেকেই আর্জেন্টিনায় সংগঠিত ফুটবলের ভিত্তি গড়ে ওঠে এবং বিশ্ব ফুটবলে দেশটির উত্থানের পথ তৈরি হয়।

এই ঐতিহাসিক অর্জনের প্রতি শ্রদ্ধা জানাতেই ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সিতে “১৮৯৩” যুক্ত করেছে অ্যাডিডাস ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। জার্সির পেছনে গলার নিচে সূক্ষ্মভাবে বসানো এই সংখ্যাটি আর্জেন্টিনার শতাধিক বছরের ফুটবল ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসের প্রতীক।

শুধু “১৮৯৩” নয়, নতুন জার্সির নকশাতেও স্থান পেয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধ্যায়গুলোর স্মৃতি। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে জেতা তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতিফলন দেখা যায় জার্সির বিভিন্ন ডিজাইনে। এএফএর লোগোর ওপরে থাকা তিনটি তারকা সেই তিন বিশ্বজয়েরই প্রতিনিধিত্ব করে।

২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই সাফল্যের ধারাবাহিকতা এবং দীর্ঘ ফুটবল ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই জার্সিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইতিহাসকে।

তাই আর্জেন্টিনার জার্সিতে লেখা “১৮৯৩” শুধু একটি সংখ্যা নয়; এটি দেশটির ফুটবল যাত্রার সূচনা, ঐতিহ্য এবং বিশ্বমঞ্চে অর্জিত অসামান্য সাফল্যের এক গর্বিত স্মারক।

   

About

Popular Links

x