২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে বিশ্বজয়ী দলের অধিনায়কের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেবেন আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার দীর্ঘদিনের একক ট্রফি প্রদানের প্রথা ভেঙে এবার এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে’ (মেটলাইফ স্টেডিয়াম) চলতি বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন একটি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে ইনফান্তিনো বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং অবশ্যই যৌথভাবে বিজয়ী দলের হাতে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি তুলে দেব।”
বিগত ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে এককভাবে চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দিয়েছিলেন ইনফান্তিনো। তবে এবার আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানকে সঙ্গে নিয়ে ট্রফি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, “আমরা (ফিফা ও হোয়াইট হাউস) প্রায় সব সময়ই একসঙ্গে কাজ করছি।”
বিশ্বকাপের সাম্প্রতিক আসরগুলোতে কেবল ফিফা প্রধানদেরই ট্রফি দিতে দেখা গেলেও, ফুটবলের ইতিহাসে রাষ্ট্রপ্রধান বা রাজপরিবারের সদস্যদের ট্রফি প্রদানের নজির এটাই প্রথম নয়। এর আগে ১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের পর বিশ্বজয়ী অধিনায়ক ববি মুরের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এছাড়া ১৯৮২ সালের বিশ্বকাপে স্পেনের রাজা হুয়ান কার্লোস ইতালির কিংবদন্তি অধিনায়ক দিনো জফের হাতে ট্রফি তুলে দেন।
তবে ট্রাম্পের ট্রফি প্রদানের এই ঘোষণা একই সঙ্গে ফুটবল মহলে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। গত বছর (২০২৫) এই নিউ জার্সিতেই অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রাম্পকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে সময় চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট মঞ্চ না ছেড়ে খেলোয়াড়দের উদযাপনের মাঝেই অবস্থান করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এবং বিতর্কিত হয়েছিল।
বিতর্ক থাকা সত্ত্বেও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ট্রফি সরাসরি হস্তান্তর করার পর বিজয়মঞ্চে খেলোয়াড়দের উদযাপনের সময়ও উপস্থিত থাকতে পারবেন এবং এতে ফিফার কোনো আপত্তি নেই।



