Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেইমারকে নিয়ে সুখবর দিলেও, রহস্য স্পষ্ট করেননি আনচেলত্তি

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার জুনিয়র

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম

হাইতির বিপক্ষে দাপুটে জয়ের পর ব্রাজিল শিবিরে এবার সবচেয়ে বড় সুখবরটি এলো। ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। তবে নেইমারকে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে রাখা হবে নাকি বদলি হিসেবে নামানো হবে, সে বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

কাফ ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে এখনও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সী নেইমারের। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা এই তারকাকে ঘিরে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (২৪ জুন) সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখন ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ব্রাজিল কোচ বলেন, “নেইমার এখন ম্যাচ খেলার মতো অবস্থায় আছে। পুরো সপ্তাহ সে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং স্কোয়াডের জন্য উপলব্ধ। তার ফিরে আসা আমাদের জন্য দারুণ খবর। কারণ, তার মতো একজন খেলোয়াড় সবসময় দলের জন্য বাড়তি শক্তি।”

নেইমারের পেশাদারিত্ব ও দ্রুত মাঠে ফেরার তাড়নার প্রশংসা করে আনচেলত্তি আরও বলেন, “ওকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য সে অসাধারণ নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখিয়েছে। তার মনোভাব এবং প্রস্তুতি আমাকে মুগ্ধ করেছে। মাঠে থাকুক বা না থাকুক, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নেইমার কি প্রথম ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কিছুটা রসিকতা করে আনচেলত্তি বলেন, “৯০ মিনিট খেলতে পারবে, তবে হয়তো হেঁটে হেঁটে!” পরে সিরিয়াস হয়ে তিনি যোগ করেন, “সিরিয়াসলি বললে, সে খুব ভালো অবস্থায় আছে এবং দারুণভাবে প্রস্তুতি নিয়েছে।”

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল সেলেসাওরা। তবে দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ফর্মে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার স্কটল্যান্ডকে হারাতে পারলেই ব্রাজিলের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হবে।

তবে স্কোয়াডে নেইমার ফিরলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে উইঙ্গার রাফিনিয়া দল থেকে ছিটকে যাওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে ব্রাজিলকে। রাফিনিয়ার বদলে আক্রমণভাগে কে সুযোগ পাবেন, তা অবশ্য কৌশলগত কারণে গোপন রেখেছেন কোচ।

ম্যাচে স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কার্লো আনচেলত্তি। এক জয় ও এক হার নিয়ে স্কটিশরাও এখনও নকআউট পর্বে ওঠার লড়াইয়ে টিকে আছে। প্রতিপক্ষকে সমীহ করে আনচেলত্তি বলেন, “স্কটল্যান্ড খুবই সংগঠিত এবং লড়াকু একটি দল। স্কট ম্যাকটমিনে ও জন ম্যাকগিনের মতো অভিজ্ঞ ফুটবলার তাদের দলে রয়েছে। তাই এটি মোটেও সহজ ম্যাচ হবে না। বিশ্বকাপে এখন আর কোনো সহজ প্রতিপক্ষ নেই। আমরা কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।”

   

About

Popular Links

x