ভারতের বিহারে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
রতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিহারের কাটিহার জেলার কোঢা ব্লকের ন্যাশনাল হাইওয়ে-৩১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা পাশের পূর্ণিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, কাটিহার জেলায় একটি বাস, ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জনে।
পুলিশের ধারণা, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।



