Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ

১২৫ বছরের সামরিক ইতিহাসে দেশটি এবারই প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

অস্ট্রেলিয়ার ১২৫ বছরের সামরিক ইতিহাসে এই প্রথম কোনো নারীকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের নাম ঘোষণা করা হয়। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

অস্ট্রেলীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সুসান কোয়েল আগামী জুলাই মাসে বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

৫৫ বছর বয়সী সুসান কোয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বর্তমানে তিনি “চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ” হিসেবে দায়িত্ব পালন করছেন। সুসান কোয়েলই প্রথম নারী যিনি অস্ট্রেলিয়ার কোনো সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই নিয়োগকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, “জুলাই থেকে অস্ট্রেলীয় সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি।”

এছাড়া, দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে অভিহিত করেছেন। সুসান কোয়েলের একটি উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, “সুসান আমাকে বলেছিলেন—‘যা দেখা যায় না, তা হওয়া যায় না।’ সুসানের এই অর্জন বর্তমানে কর্মরত নারী এবং ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”

প্রসঙ্গত, অস্ট্রেরিয়ার প্রতিরক্ষা বাহিনীতে বর্তমানে নারী সদস্যের হার ২১% এবং নেতৃত্বে ১৮.৫% নারী রয়েছেন। ২০৩০ সালের মধ্যে এই হার ২৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। এই নিয়োগ এমন এক সময়ে এলো যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে যৌন হয়রানি ও বৈষম্যের অসংখ্য অভিযোগ নিয়ে বিতর্ক চলছে। গত অক্টোবরেই হাজার হাজার নারী সদস্যকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বাহিনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

   

About

Popular Links

x