জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার সময় এক নারীর কাছে প্রায় ৪৬,৬০০ মার্কিন ডলার পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়, রাজধানীর একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে আটক করা হয়।
সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী নিয়মিত ভিক্ষা করতেন। ভিক্ষা করে পাওয়া অর্থ জমিয়ে রাখার পাশাপাশি তিনি বিভিন্ন বিদেশি মুদ্রায় তা রূপান্তর করতেন। এভাবে তার কাছে বিপুল অর্থ জমা হয়।
তবে কত দিন ধরে তিনি ভিক্ষা করছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তার জাতীয়তার বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, ভিক্ষুকদের কেউ কেউ অসুস্থতা বা চরম আর্থিক সংকটের কথা বলে মানুষের সহানুভূতি আদায় করেন।
অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে।
জর্ডান টাইমসের ২০২৫ সালের মার্চে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ভিক্ষাবৃত্তিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। জর্ডানের দণ্ডবিধির ৩৮৯ ধারার অধীনে জনসমক্ষে ভিক্ষা চাওয়া বা অর্থ-সহায়তা সংগ্রহ করা একটি অপরাধ। ২০২২ সালে আইনটি সংশোধন করে ভিক্ষাবৃত্তির আরও কয়েকটি ধরন ও শাস্তির বিধান যুক্ত করা হয়।
এতে ক্ষত বা অক্ষমতা দেখিয়ে বা ভান করে ভিক্ষা চাওয়া, ১৬ বছরের কম বয়সী শিশুকে ভিক্ষায় ব্যবহার বা উৎসাহিত করা, ভিক্ষার উদ্দেশ্যে এমন সামগ্রী বা প্রদর্শনী দেখানো, যা জীবিকার প্রকৃত উৎস নয়, জনসাধারণের সহানুভূতি পেতে প্রতারণার আশ্রয় নেওয়া এবং মিথ্যা দাবির ভিত্তিতে দান বা অনুদান সংগ্রহের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।



