Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে

ইরানের সামরিক উপদেষ্টা মোহসিন রেজায়ি এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজে ইরানি নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজায়ি বুধবার এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ অভিযান শুরুর পর গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নেয় দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। রেজায়ি একসময় আইআরজিসি’র কমান্ডার ছিলেন।

গতকাল বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোহসিন রেজায়ি বলেন, “ইরানের অধিকারের স্বীকৃতি ও সুরক্ষার আগ পর্যন্ত হরমুজ প্রণালি আমরা ছাড়ব না। পূর্ববর্তী আলোচানাগুলোর ওপর ভিত্তি করে অবশ্যই সতর্কতার সঙ্গে একটি নতুন চুক্তি করতে হবে এবং সেই চুক্তিতে অর্থনৈতিক ইস্যুগুলোকে প্রাধান্য দিতে হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধকে ভয় পায়, কিন্তু আমরা তাদের মতো নই। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং অভিজ্ঞতা দুটোই আমাদের আছে।”

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর হরমুজ এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। ফলে কোনো জাহাজ ইরানের বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারছে না, অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ ইরানের বন্দরে ভিড়তেও পারছে না।

   

About

Popular Links

x