Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরানের পররাষ্ট্রমন্ত্রী: হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত’

তিনি জানান, যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোতে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য “পুরোপুরি উন্মুক্ত” ঘোষণা করেছে ইরান।

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পোস্টে জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে, সেই অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সবধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।

আরাঘচি তার পোস্টে আরও বলেন, জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের “পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন” কর্তৃক ইতিপূর্বে ঘোষিত ও সমন্বিত রুট অনুসরণ করতে হবে।

বিশ্লেষকরা ধারণা করছেন, মূলত লেবাননের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই ইরান এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

এর আগে, বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আজ (বৃহস্পতিবার) ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩ টা) থেকে এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ বা অত্যন্ত সীমিত হয়ে পড়েছিল। লেবানন যুদ্ধের সাময়িক বিরতির প্রেক্ষাপটে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

   

About

Popular Links

x