যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানাজা অনুষ্ঠিত হবে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ায় (আইএসটিবিএ)।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমন ও বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। পুলিশ জানায়, ক্যাম্পাস এলাকার বাইরের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন লিমন। সেখানে তাকে শেষবার দেখা যায়। ওই অ্যাপার্টমেন্টে লিমনের সঙ্গে থাকতেন সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহ।
আবুঘারবিয়েহর গাড়ি ও লিমনের ফোনের অবস্থান শনাক্ত করেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই ২৪ এপ্রিল একটি সেতু থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়।
ফ্লোরিডায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো খুঁজে পায়নি পুলিশ।
স্থানীয় সময় গত রবিবার (২৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে জায়গা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে (২২ মাইল) একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয়।
তবে, এই খণ্ডিত অংশ বৃষ্টির কিনা তা নিশ্চিত করা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।



যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল মৃত উদ্ধার, বৃষ্টি এখনো নিখোঁজ 