Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ ঘিরে রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’

যুক্তরাষ্ট্রে কয়েকটি রেস্তোরাঁয় বিদেশি দর্শকের খাবারের মূল বিলের সঙ্গেই বকশিশ যোগ করার পরিকল্পনা করছে 

আপডেট : ৩১ মে ২০২৬, ০৫:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্বকাপ আয়োজক শহরের রেস্তোরাঁর মালিক বিদেশি দর্শকদের খাবারের বিলের সঙ্গে এবার বাধ্যতামূলকভাবে বকশিশ বা টিপস যুক্ত করার কথা ভাবছেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।   

এ বছর ফিফা বিশ্বকাপ - এর আয়োজনকে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল আসর বলা হচ্ছে। আর এর সাথে আবার নতুন খরচ যোগ হতে পারে।

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ খাবার পরিবেশনকারী এবং বারটেন্ডারদের মূলত ন্যূনতম মজুরির চেয়ে অনেক কম বেতন দেওয়া হয়, এবং তারা এই ঘাটতি মেটাতে ক্রেতাদের দেওয়া টিপসের ওপরই প্রায় সম্পূর্ণভাবে নির্ভর করেন। কিন্তু বিশ্বের অনেক দেশের মানুষের মধ্যেই রেস্তোরাঁয় বকশিশ দেওয়ার কোনো অভ্যাস নেই।  

বিশ্বকাপের সময় লাখ লাখ আন্তর্জাতিক দর্শকের সমাগম হবে যুক্তরাষ্ট্রে। এ বিষয়টি মাথায় রেখে রেস্তোরাঁগুলো কর্মীদের পাওনা নিশ্চিত করার জন্য মূল বিলের সঙ্গেই বকশিশ যোগ করার পরিকল্পনা করছে।

আগে থেকেই বিশ্বকাপ দেখার আকাশছোঁয়া দামের টিকিট, ফ্লাইট, হোটেল ভাড়া ও যাতায়াত খরচের চাপে দিশেহারা দর্শকরা। এর মধ্যে নতুন এই সিদ্ধান্ত তাদের ওপর বাড়তি চাপ পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেমন - আটলান্টার একটি রেস্তোরাঁ ‘টিজ ব্রাঞ্চ বার’ তাদের খাবারের বিলের সাথে আগে থেকে কেটে রাখা ১৮% টিপস বাড়িয়ে এবার ২০% করার কথা ভাবছে।

রেস্তোরাঁর মালিক তেনেশিয়া মারে বাটলার স্থানীয় একটি টিভি চ্যানেল ফক্স ফাইভ আটলান্টাকে বলেন, “এখানে কোনো নির্দিষ্ট দেশের সংস্কৃতির বিষয় নয় বা এটাকে খারাপ কিছু বলারও নেই। অন্যান্য দেশে এই রীতি নেই বলে তারা টিপস দিতে অভ্যস্ত নয়। সে কারণে অনেকেই হয়তো এই ব্যাপারটি পছন্দ করবেন না।”

বোস্টনে বেশ কিছু ব্যবসায়ী প্রস্তাব দিয়েছেন যে ক্রেতাদের চূড়ান্ত বিলের সঙ্গে যেন ২০% বাধ্যতামূলক বকশিশ যোগ করা হয়।

ম্যান্সফিল্ডের ‘জিমিস পাব অ্যান্ড রেস্টুরেন্ট’ - এর মালিক জর্জ পান্টোস মনে করেন, বাধ্যতামূলক সার্ভিস চার্জ বা সেবামূল্য কেটে নেওয়ার পরিবর্তে রেস্তোরাঁয় নোটিশ টাঙিয়ে দিয়ে অতিথিদের টিপস দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়াটাই বেশি যৌক্তিক।

কানসাস সিটির অনেক রেস্তোরাঁর মালিকও কর্মীদের আয়ের সুরক্ষার জন্য এই বাধ্যতামূলক টিপসের নিয়ম চালুর দাবি করছেন। মিসৌরি রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাইক বারিস স্থানীয় পত্রিকা কানসাস সিটি বীকন-কে বলেন, “তারা শহরের সব রেস্তোরাঁকে এই ছয় সপ্তাহের টুর্নামেন্টে বাধ্যতামূলক টিপসের নীতি কার্যকর করার পরামর্শ দিয়েছেন।”

খাদ্য গবেষণা সংস্থা টেকনোমিক-এর জ্যেষ্ঠ অধ্যক্ষ ডেভিড হেনকেস সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটাল-কে জানান, এই নিয়ম আয়োজক শহরগুলোতে থাকা স্থানীয় বাসিন্দাদের অস্বস্তি বা রাগের কারণ হতে পারে, যারা আগে থেকেই আর্থিক কষ্টে আছেন।

তিনি বলেন, “এমনিতেই রেস্তোরাঁয় মানুষের আনাগোনা কমে গেছে। এখন যদি দাম আরও বাড়িয়ে দেওয়া হয়, তবে তা নিয়ে ক্রেতাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝুঁকি তো থেকেই যায়। বিশেষ করে এই নিয়মের বিষয়টি যদি ভালোভাবে সবাইকে আগে থেকে না জানানো হয়, বা ক্রেতাদের মনে হতে থাকে যে, স্বয়ংক্রিয় টিপসের পরও তাদের আরও কিছু বকশিশ হিসেবে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।”

   

About

Popular Links

x