Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে ঝড়ে ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল এক ব্যক্তিকে

পড়ে গিয়ে তার হাত ও পা ভেঙে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলাতে প্রবল ঝড়ে এক ব্যক্তিকে প্রায় ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বুধবার (১৩ মে) রাজ্যের বিভিন্ন এলাকায় আঘাত হানা ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত ওই ব্যক্তির নাম নানহে মিয়া। তিনি বেরেলি জেলার ভামোরা থানা এলাকার বামিয়ানা গ্রামের বাসিন্দা।

নানহে মিয়া জানান, ঝড়ের সময় তিনি একটি দড়ি ধরে আত্মরক্ষার চেষ্টা করেন। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় তিনি ও টিনের চালা দুটোই উড়ে যায়। এসময় পড়ে গিয়ে তার হাত ও পা ভেঙে যায়। পরে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এনডিটিভিকে তিনি বলেন, “আমি ৩০-৪০ ফুট উপরে উঠেছিলাম। কোথায় গিয়ে পড়েছি, জানি না। অন্তত ৫০ ফুট দূরে গিয়ে পড়েছিলাম।”

তিনি আরও জানান, নিরাপদ থাকার আশায় তিনি দড়ি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসে সেটি ছিঁড়ে যায়।

উত্তর প্রদেশজুড়ে ভয়াবহ ঝড়, বৃষ্টি ও বজ্রপাত চলছে। আবহাওয়া পরিস্থিতির মধ্যেই বেরেলির এ ঘটনা ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব জেলাকে ক্ষয়ক্ষতির তথ্য প্রতি তিন ঘণ্টা পরপর পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিপূরণ বিতরণসহ ত্রাণ কার্যক্রমের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার বজ্রসহ বৃষ্টিতে উত্তর প্রদেশে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭টি বাড়ি। এছাড়া ১১৪টি গবাদিপশুও মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, জেলাগুলোকে প্রতি তিন ঘণ্টা পরপর পরিস্থিতির হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বিতরণ, উদ্ধার অভিযান এবং অন্যান্য ত্রাণ কার্যক্রমের তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে হালনাগাদ করতে হবে।

প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও সোনভদ্রসহ কয়েকটি জেলা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

   

About

Popular Links

x