Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে আজীবন নিষিদ্ধ যাত্রী

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রগামী কোয়ান্টাস এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে 

আপডেট : ১৮ মে ২০২৬, ১১:৫৭ এএম

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রগামী কোয়ান্টাস এয়ারওয়েজের ফ্লাইটে এক যাত্রীর বিরুদ্ধে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনের বরাতে জানা যায়, গত শুক্রবার দুপুর আড়াইটায় কোয়ান্টাসের কিউএফ২১ ফ্লাইটটি মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে প্রায় সাত ঘণ্টা পর যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে উড়োজাহাজটি তাহিতির পাপেতে শহরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।  

কোয়ান্টাসের এক মুখপাত্র জানান, অভিযুক্ত যাত্রী ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের ওপর হামলা চালালে অন্য যাত্রী ও ক্রুরা পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন।

ফ্রেঞ্চ পলিনেশিয়ার রাজধানী পাপেতে পৌঁছানোর পর স্থানীয় কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে ঘিরে ফেলে এবং ওই যাত্রীর বিরুদ্ধে ‘নো ফ্লাই’ নিষেধাজ্ঞা জারি করে কোয়ান্টাস। এর ফলে তিনি ভবিষ্যতে কোয়ান্টাস ও জেটস্টারের কোনো ফ্লাইটেই ভ্রমণ করতে পারবেন না।

কোয়ান্টাসের মুখপাত্র বলেন, “আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইটে উচ্ছৃঙ্খল বা হুমকিমূলক আচরণের ক্ষেত্রে আমাদের শূন্য সহনশীলতার নীতি রয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুকশিল্পী মাইক গোল্ডস্টেইন একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কেবিন ক্রুদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। তাকে উড়োজাহাজের পেছনের দিকে যেতে বলা হলে তিনি বারবার অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।

ভিডিওতে ওই ব্যক্তিকে উড়োজাহাজের করিডোরে দাঁড়িয়ে টলতে টলতে কথা বলতে দেখা যায়। তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে বলেন, “সিগারেট খেতে বাইরে যেতে চেয়েছিলেন।” তবে সেই ভিডিওতে কামড় দেওয়ার অভিযোগের দৃশ্য দেখা যায়নি।

অস্ট্রেলিয়ার বিভিন্ন ফ্লাইটে এমন বিশৃঙ্খল ঘটনার খবর এর আগেও পাওয়া গেছে, যার কয়েকটিতে অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ক্যানবেরা থেকে পার্থগামী একটি ফ্লাইটে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে ফ্লাইট চলাকালে গালাগাল এবং নিরাপত্তা নির্দেশনা অমান্য করার অভিযোগ আনা হয়। তাকে নিয়ন্ত্রণে আনার সময় তিনি আরেক যাত্রীর হাতে কামড় দেওয়ার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতেও পার্থগামী একটি ফ্লাইটে এক নারী যাত্রীর বিরুদ্ধে অস্বাভাবিক আচরণ ও কেবিন ক্রুকে আক্রমণের অভিযোগ আনা হয়েছিল।

এছাড়া গত বছর সিডনিগামী উড়োজাহাজের দরজা মাঝ আকাশে খোলার চেষ্টার অভিযোগে জর্ডানের এক নাগরিকের বিরুদ্ধেও মামলা করা হয়। তাকে নিয়ন্ত্রণে আনতে ক্রু ও যাত্রীদের হস্তক্ষেপ করতে হয়েছিল।

   

About

Popular Links

x