Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নারী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

এ ঘটনায় নিহত নারীর স্বামীকে গ্রেপ্তার করে ক্যাম্পবেলটাউন থানায় নেওয়া হয়

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:৫২ পিএম

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাম্পবেলটাউনের একটি বাড়ি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) রাত স্থানীয় সময় প্রায় ৮টার দিকে পুলিশ বাড়িটিতে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহত নারীর বয়স ৪৬ বছর। তার দুই সন্তানের একজনের বয়স ১২ এবং অন্যজনের বয়স চার বছর। দুই শিশুই শেখার অক্ষমতায় ভুগছিল এবং তারা কথা বলতে পারত না বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ১০ বছর আগে পরিবারটি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করে। পরিবারের মা পূর্ণকালীন চাকরি করতেন, আর বাবা দুই সন্তানকে দেখাশোনা করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। একটি ছুরিও উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাইকেল মোরোনি বলেন, “বাড়ির ভেতরের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। মরদেহগুলো বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।“

পুলিশের ধারণা, অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি সেবা নম্বরে ফোন করে ঘটনাটি জানান। পরে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে ক্যাম্পবেলটাউন থানায় নেওয়া হয়।

আদালতে দেওয়া নথির বরাতে জানা গেছে, কয়েক মাস ধরেই তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনা করছিলেন। তবে এর আগে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার কোনো অভিযোগ ছিল না।

অভিযুক্তের বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। আগামী জুলাইয়ের মাঝামাঝি তাকে আবার আদালতে হাজির করা হবে।

   

About

Popular Links

x