Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই

খরচ বাঁচাতে নিজেদের বিয়ের আসরকেই পেশাদার কুস্তির ময়দান বানিয়ে ফেললেন চীনা দম্পতি 

আপডেট : ২০ মে ২০২৬, ০৮:২৯ পিএম

অভিনব এক উদ্যোগ নিয়ে নিজেদের বিয়ের আসরকেই পেশাদার কুস্তির (প্রফেশনাল রেসলিং) ময়দান বানিয়ে ফেললেন চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এক নবদম্পতি ।

এই প্রতিযোগিতার শর্ত ছিল, যে হারবে তাকে সারাজীবন ঘরের সব কাজ করতে হবে।

বর হি ইনশেং গুইঝোউ প্রদেশের জুনি শহরের একজন পেশাদার কুস্তিগির। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে স্ত্রীর সঙ্গে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চের বদলে সেখানে ‘বর বনাম কনে’ পোস্টার বানিয়ে একটি কুস্তির রিং বসান।

এরপর নবদম্পতি নিজেদের দল নিয়ে বেস্ট-অব-থ্রি (তিনবারের মধ্যে যে দুবার জিতবে) প্রতিযোগিতায় নামেন। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, প্রথমে অন্য প্রতিযোগীরা রিংয়ে প্রবেশ করেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশলে কুস্তি লড়েন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর-কনে নিজেই রিংয়ে নামেন। বরের আক্রমণগুলো খুব চতুরতার সঙ্গে এড়িয়ে গিয়ে একটি ‘শোল্ডার থ্রো’ দিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলেন কনে।

এরপর রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন এবং জানান যে তিনি ‘সারা জীবনের জন্য ঘরের কাজ থেকে অব্যাহতি পেয়েছেন’।

পুরো লড়াইটি আগে থেকে সাজানো হলেও, এই আয়োজনে অতিথিরা মুগ্ধ হয়েছেন। হি সংবাদমাধ্যম জিয়াওজিয়াং মর্নিং পোস্টকে জানান, সব অংশগ্রহণকারীরা পেশাদার ছিলেন এবং পুরো খেলায় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

অনুষ্ঠান শেষে বর বলেন, “অবশ্যই আমাকে শেষ পর্যন্ত হারতেই হতো। আমি তো আর তাকে দিয়ে ঘরের কাজ করাতে পারি না!”

হি জানান, বিয়ের পরিকল্পনার সময় যখন দেখলেন যে খরচ বাজেট ছাড়িয়ে যাচ্ছে, তখনই তার মাথায় এই অভিনব বুদ্ধি আসে। গায়ক ও অন্যান্য পারফর্মার ভাড়া করার বদলে তিনি একটি কুস্তি ম্যাচের আয়োজন করার সিদ্ধান্ত নেন। তার স্ত্রীও এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন জানায়। 

তবে দুই পরিবারের মা-বাবারা বলেন, “তারা বিষয়টি বুঝতে না পারলেও সন্তানদের পছন্দকে সম্মান করেন।”

হি আরও বলেন, “বিয়েতে খাবারের পাশাপাশি একটি শো ছিল। তাই সবাই বেশ খুশি মনেই এসেছিল। শেষ পর্যন্ত প্রায় ৩০০ অতিথি এসেছিলেন, যা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি।”

এই আয়োজনের মাধ্যমে চীনে অল্প পরিচিত পেশাদার কুস্তির সঙ্গে আরও বেশি মানুষ পরিচিত হওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন এই নবদম্পতি। 

   

About

Popular Links

x