Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর ওপর ডিম নিক্ষেপ

সোনারপুরে পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে

আপডেট : ৩০ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জী। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত কর্মী-সমর্থকদের খোঁজখবর নিতে গেলে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোনারপুরে পৌঁছানোর পর একদল বিক্ষুব্ধ মানুষ অভিষেক ব্যানার্জীকে ঘিরে বিক্ষোভ শুরু করে। এ সময় তাকে লক্ষ্য করে “চোর, চোর” স্লোগান দেওয়া হয়। পাশাপাশি তার দিকে ডিম নিক্ষেপের অভিযোগও উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও মাথায় হেলমেট পরা অভিষেক ব্যানার্জীকে ঘিরে উত্তেজিত জনতা স্লোগান দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনার পর অভিষেক ব্যানার্জী অভিযোগ করেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। তার দাবি, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে রাজনৈতিক সহিংসতার শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না বলেও জানান।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানান, একজন শীর্ষ রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে উত্তর ২৪ পরগনার দমদম এলাকায় তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়কেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বলে জানা গেছে।  

   

About

Popular Links

x