ভেনেজুয়েলায় ভূমিকম্পে মারা গেছে অন্তত ৯০০ জনেরও বেশি মানুষ। এখন পর্যন্ত ৩,৩৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে ।
বিবিসি বলছে, শনিবার (২৭ জুন) পর্যন্ত জীবিতদের সন্ধান করছেন উদ্ধারকারীরা। এছাড়া ৫০ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত নিখোঁজ আছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ফুটবলারও আছেন।
দেশটির রাজধানী কারাকাসসহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায় দুটি ভূমিকম্পে বহু ভবন ধ্বংস হয়ে যাওয়ায় আহতদের অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারের এক ঊধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শত শত আন্তর্জাতিক উদ্ধারকর্মী ইতোমধ্যে দেশটিতে এসে পৌঁছেছেন এবং আরো উদ্ধারকারী দল আসছে।
বুধবার কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৫, যা গত এক শতাব্দীতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।
কর্মকর্তারা বলছেন, রাজধানীর উত্তরে অবস্থিত লা গুয়াইরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। এই রাজ্যে দেশের দুটি প্রধান সমুদ্রবন্দরের একটি এবং দেশের প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।



