ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে আজ। ইতোমধ্যে দেশটির রাজধানী তেহরানে নিহত এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে।
তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নাকি পরিবারের কেউ ইমামতি করবেন, তা নিশ্চিত করা হয়নি।
এদিকে, তেহরান স্থানীয় সময় শনিবার সকালে ইমাম খোমেনি মুসাল্লায় (মসজিদ কমপ্লেক্স) দেশটির সর্বোচ্চ এ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সেখানে ইরানের পতাকা মুড়িয়ে আনা খামেনির কফিনের ওপর রাখা হয় তার কালো পাগড়ি।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, মুসাল্লার দরজা খোলার কয়েক ঘণ্টা আগেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক মানুষ সেখানে এসে হাজির হন।
মানুষের ভিড় এতই বেশি ছিল যে, ফজরের আজানের সময়ই দরজা খুলে দেওয়া হয়, যাতে মানুষ মসজিদ কমপ্লেক্সের মূল প্রাঙ্গণে প্রবেশ করতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন মার্কিন-ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরান শাসন করে আসছিলেন।



