Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার অসুস্থ হয়ে পড়লেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি নিজেই অসুস্থতার কথা নিশ্চিত করেছেন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

নয়াদিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মুখোমুখি হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি নিজেই নিজের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন।

বার্তায় অভিজিৎ দীপকে জানান, তীব্র জ্বর ও শরীর ব্যথা নিয়ে কয়েক দিন ধরে ব্যথানাশক ওষুধ খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাময়িকভাবে আন্দোলনস্থল থেকে দূরে থেকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন।

এক্স পোস্টে দীপকে লেখেন, “গত কয়েক দিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি। আজ যন্তর মন্তরে আমার সঙ্গে সমর্থকদের দেখা না হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সুস্থ হতে আমার কয়েক ঘণ্টা বিশ্রামের প্রয়োজন। তবে আজ সন্ধ্যার মধ্যেই আমি পুনরায় প্রতিবাদস্থলে ফিরে আসব।”

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষাসহ শিক্ষা খাতের যাবতীয় দুর্নীতির বিচারের দাবিতে ভারতের রাজধানীতে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিজেপির হাজার হাজার বিক্ষোভকারী। আন্দোলনটি দ্রুত পুরো ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে।

গতকাল বুধবার রাতে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তবে দিল্লি পুলিশের দাবি, ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হতে চাওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে তারা বলপ্রয়োগ করেছিল এবং আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল নিক্ষেপ করেছে।

পুলিশের এমন পদক্ষেপকে ‘নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন অভিজিৎ দীপকে। আজ সকালে পুলিশের এই চড়াও হওয়ার আচরণের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান তিনি। দীপকে সাময়িক বিশ্রামে থাকলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে তাদের আন্দোলন অনড় থাকবে বলে স্পষ্ট করে দিয়েছে সিজেপি।

   

About

Popular Links

x