Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘের মহাসচিব পদে সপ্তম প্রার্থী উগান্ডার ওলারা ওতুন্নু

এর আগে, ২৩ জুলাই মহাসচিব পদে আরও ছয় প্রার্থী একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে সপ্তম প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন উগান্ডার ওলারা ওতুন্নু। তিনি দেশটির সাবেক বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী এবং জাতিসংঘের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার (২৫ জুলাই) জাতিসংঘ জানিয়েছে, নিজ দেশ উগান্ডার মনোনয়নে ৭৫ বছর বয়সী ওতুন্নুর প্রার্থিতা সদস্য দেশগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে।

বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে আরও রয়েছেন, চিলির মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, আর্জেন্টিনার রাফায়েল গ্রসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবং সেনেগালের ম্যাকি সাল।

এর আগে, ২৩ জুলাই এই ছয় প্রার্থী একটি টেলিভিশন বিতর্কে অংশ নেন।

ওতুন্নু ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন জাতিসংঘ মহাসচিব কফি আনানের অধীনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাতিসংঘে উগান্ডার দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া অল্প সময়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

২০১১ সালের নির্বাচনে ওতুন্নু বিরোধী দল উগান্ডা পিপলস কংগ্রেসের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, তিনি দীর্ঘদিনের নেতা ইওয়েরি মুসেভেনির কাছে পরাজিত হন। মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন।

প্রসঙ্গত, গুতেরেস আগামী ৩১ ডিসেম্বর দায়িত্ব ছাড়বেন। নতুন মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

আগামী ৩০ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য প্রথমবারের মতো প্রার্থীদের পছন্দের বিষয়ে গোপন ও বেনামি ভোট দেবেন।

এই প্রথম ‘স্ট্র পোল’-এর পর আরও কয়েক দফা একই ধরনের ভোট হবে। একজন প্রার্থীকে নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় ৯টি ভোট পেতে হবে এবং পাঁচ স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া, এর কোনো দেশের ভেটো এড়াতে হবে।

নির্বাচিত প্রার্থীর নাম এরপর আনুষ্ঠানিক অনুমোদনের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো হবে।

   

About

Popular Links

x