ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিধানসভা অভিমুখে চাকরিপ্রার্থীদের মিছিলে চালানো হয়েছে ব্যাপক পুলিশি দমনপীড়ন। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োগ করে জলকামান, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ। এই সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
নিয়োগ সংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও তা ব্যর্থ হওয়ার পর আন্দোলনের ১৭তম দিনে এসে পরিস্থিতি চরম আকার ধারণ করে। আন্দোলনকারীদের মূল দাবি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) ব্যাপক সংস্কার আনা এবং সিবিআই অথবা অন্য রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়েছে। একদিকে আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে তাঁদের কণ্ঠস্বর দমিয়ে রাখার অভিযোগ তুলছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার পাল্টা দাবি করে বলেন, চাকরিপ্রার্থীদের অধিকাংশ দাবিই সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে, তা সত্ত্বেও বিরোধী দল বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে এই ন্যায্য আন্দোলনকে ব্যবহার করছে।
সূত্র: এনডিটিভিয়া



