Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের করা অনুরোধটি নিজেদের প্রচলিত বিধিবিধান ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। 

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রচলিত যে আইনি পদ্ধতি রয়েছে, সে অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’ 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উল্লেখ করেন। এর ঠিক এক দিন পরই রণধীর জয়সওয়ালের এমন মন্তব্য সামনে এলো। 

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কী কী বিষয় আলোচনা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, দুই পক্ষই ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি’ নিয়ে আলোচনা করেছে। 

এদিকে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার মধ্যে ঢাকায় কোনো বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘‘গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিমসটেক চেয়ারম্যান হিসেবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে।’’ 

   

About

Popular Links

x