Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

লোডশেডিং নিয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়ালো গ্রামবাসী

ভারতের উত্তর প্রদেশের লখনৌ সংলগ্ন গোন্ডা জেলার একটি গ্রামে এমন অভিনব প্রতিবাদ হয়েছে

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

ভারতের উত্তর প্রদেশের লখনৌ সংলগ্ন গোন্ডা জেলার একটি গ্রামে দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎকেন্দ্রে গিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তারা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ ‘হনুমান চালিশা’ সঙ্গে করে নিয়ে আসেন এবং স্থানীয় বিদ্যুৎকেন্দ্রের জুনিয়র ইঞ্জিনিয়ারকে ওই পবিত্র গ্রন্থে হাত রেখে বিদ্যুৎ সরবরাহের সঠিক তথ্য প্রকাশ করার দাবি জানান।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-র প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার কাত্রা বাজার বিদ্যুৎকেন্দ্রে ব্যতিক্রমী ও উত্তেজনাকর এই ঘটনাটি ঘটে।

প্রতিবাদের সময় উপস্থিত গ্রামবাসী জুনিয়র ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে জেরা করতে থাকেন। পুরো বিষয়টি মোবাইলের ক্যামেরায় ধারণ করা হয়, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের প্রধান অভিযোগ, মূল বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ বরাদ্দ থাকা সত্ত্বেও তাদের নির্দিষ্ট গ্রিডে তা সরবরাহ করা হচ্ছে না। গত ছয় মাস ধরে দিনে টানা দুই ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না বলে তারা অভিযোগ তোলেন।

এদিকে এই ঘটনার পর কাত্রা বাজার বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এতে দাবি করা হয়, একদল লোক বিদ্যুৎকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে কর্মরত কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক লাঞ্ছিত করার পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় বিধায়ক (এমএলএ) বাওয়ান সিং অবিলম্বে একটি ৫ এমভিএ ক্ষমতার নতুন ট্র্যান্সফরমার চালু করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এলাকার পুরো বিদ্যুৎ সংকট সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x