Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

জ্বালানির বাড়তি শুল্ক বাতিলের দাবিতে পাকিস্তানে জামায়াতের ট্রেনমার্চ

ইসলামাবাদ অভিমুখে ট্রেনমার্চ শুরু, প্রয়োজনে আন্দোলন আরও বিস্তৃত করার কঠোর হুঁশিয়ারি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

পেট্রোলিয়াম লেভি বা জ্বালানির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক দ্রুত বাতিল করা না হলে চলমান প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে রূপ নিতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমান। অন্যথায় এই পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানের দৈনিক সংবাদপত্র ডনের একটি প্রতিবেদনে জানা যায়, করাচির ক্যান্টনমেন্ট স্টেশনে দলীয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর এক বিশাল ট্রেনমার্চ নিয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন জামায়াত আমির। করাচি থেকে শুরু হওয়া এ মিছিলটি হায়দরাবাদ, লান্ডি, নওয়াবশাহ, রোহরি ও সুক্কুর হয়ে রাজধানী ইসলামাবাদে গিয়ে পৌঁছাবে।

বক্তব্যে হাফিজ নাঈমুর রহমান বলেন, “লেভির নামে সরকার যে চাঁদাবাজি করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই অবৈধ লেভি প্রত্যাহার করা হলে পেট্রোলের দাম দ্রুত কমে প্রতি লিটারে প্রায় ২০০ রুপিতে নেমে আসবে, যা সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি স্থবির অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে।”

পাকিস্তানে জ্বালানি তেলের দাম এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “মানুষকে স্বস্তি দেওয়ার পরিবর্তে সরকার নিজের অপশাসনের মূল্য পুরো জাতির ওপর চাপিয়ে দিচ্ছে। আমরা যদি পেট্রোলিয়াম, গম ও চিনি খাতের মাফিয়াদের এই লুটপাট সহ্য করতে থাকি, তবে তারা শোষণ বাড়াতেই থাকবে। তাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সাধারণ মানুষকে রাজপথে নেমে আসতে হবে।”

তিনি আরও জানান, গত ৩৬ থেকে ৩৭ দিন ধরে দেশটির হায়দরাবাদ, সুক্কুর, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন শহরে অবিরাম কর্মসূচি চলছে।

বর্তমান আন্দোলনকে একটি ‘বিপ্লবী সংগ্রাম’ হিসেবে আখ্যায়িত করে জামায়াত প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা যখন ইসলামাবাদে পৌঁছাব, তখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সরকার আন্দোলন দমনের চেষ্টা করলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে এবং এই গণবিক্ষোভ একপর্যায়ে সরকার হটানোর একদফা আন্দোলনে পরিণত হতে পারে।”

উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানে প্রতি লিটার জ্বালানি তেলের ওপর ১০০ রুপিরও বেশি অতিরিক্ত লেভি আরোপিত রয়েছে। এর প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রবিবার রাতে রোহরি ও সুক্কুরে বড় ধরনের সমাবেশের কথা রয়েছে এবং সোমবার বিক্ষোভকারীরা মুলতানের উদ্দেশে তাদের পদযাত্রা চালিয়ে যাবে।

   

About

Popular Links

x