জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পরপরই তড়িঘড়ি করে নিউইয়র্ক ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের হুমকি সত্ত্বেও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তার করেননি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম 'কান'-এর সূত্র দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পর নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর আওতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।
ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, নিরাপত্তার চরম ঝুঁকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাজনিত আইনি জটিলতার কারণেই মূলত নেতানিয়াহু সফর সংক্ষিপ্ত করে দ্রুত স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, নেতানিয়াহুর নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুর বিচারিক মুখোমুখি হওয়া উচিত।” এর আগে মামদানি নেতানিয়াহুকে শহরের মাটিতে পা রাখলেই গ্রেপ্তারের অঙ্গীকার করেছিলেন। এই সফরের প্রতিবাদে অনুষ্ঠিত গণবিক্ষোভ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।



