ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিস মার্কিন হেলিকপ্টার হামলায় নিহত হয়েছেন।
বার্তা সংস্থা পার্সটুডে ও এএফপি’র খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত মিডিয়া সেল এক বিবৃতিতে জানায়, বিমান বন্দরের কার্গো টার্মিনালের কাছে রকেট হামলা হয়েছে। এতে দু’টি গাড়ি পুড়ে গেছে এবং কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন - ট্রাম্পের নির্দেশেই জেনারেল সোলায়মানিকে হত্যা
ঘটনার পর হাশদ আশ-শাবির মুখপাত্র আহমেদ আল-আসাদি এক বিবৃতিতে এই হামলাকে “কাপুরুষোচিত মার্কিন বিমান হামলা” বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র ও ইজরাইলকে দায়ী করেছেন।
এদিকে হামলার পরপরই নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাগদাদে ইরানের সঙ্গে সম্পর্কিত দুই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকার করেন তারা।
আরও পড়ুন - ইরানের সর্বোচ্চ নেতা: ‘কঠোর প্রতিশোধ’ অপেক্ষা করছে



