ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। সহিংসতাপূর্ণ এ দেশে ২০২১ সালে এমন ঘটনায় প্রায় ৪০০ আসামি নিহত হন।
শুক্রবার (১৯ নভেম্বর) কারাগার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি'র।
কারাগারে ছড়িয়ে পড়া এর আগের এক দাঙ্গার মুল পরিকল্পনাকারী সন্দেহে দুই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে অন্য কারাগারে নেওয়া হয়। পড়ে সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানোর পরপরই রাজধানী কুইটোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতা বেঁধে যায়।
পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা সাংবাদিকদের বলেন, “প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন করায় কারাগারটি বর্তমানে নিরাপদ রয়েছে। ফরেনসিক বিভাগের কর্মীরা নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে।”
তিনি আরও বলেন, “শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে।”
প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “দুই আসামিকে অন্য কারাগারে নেওয়াকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই আসামির একজন ‘লস লবোস' অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। সে আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সঙ্গে জড়িত ছিল।”
অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গণ ও করিডোরে দুই আসামির হাত বাধা ও মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।



