সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম এবং শরীরচর্চার বিকল্প নেই। আর এক্ষেত্রে পুশ আপ বা বুক ডন দারুণ কার্যকর। স্বাস্থ্য সচেতন যারা আছেন তারা কম বেশি পুশ আপ ব্যায়ামের কথা জানেন। এটি অনেক আগে থেকেই একটি জনপ্রিয় ও কার্যকরী চেস্টের ও ঘাড়ের ব্যায়াম। নারী পুরুষ উভয়েই করতে পারেন এই ব্যায়াম।
সেই পুশ আপের মাধ্যমেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন রব স্টার্লিং। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত ৬০ বছর বয়সী এ ব্যক্তি এক ঘন্টায় ৩,২৬৪টি পুশ আপ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।
এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল।
রব স্টার্লিংয়ের আগে এক ঘণ্টায় সর্বোচ্চ পুশ আপের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্কালির দখলে। ২০২২ সালের এপ্রিলে এক ঘণ্টায় ৩, ১৮২টি পুশ আপ দিয়ে তিনি এ রেকর্ড গড়েন। ড্যানিয়েল স্কালির রেকর্ডটির কথা জানতে পেরেই স্টার্লিং এক ঘণ্টায় সর্বোচ্চ পুশ আপের গিনেস রেকর্ড গড়ার সিদ্ধান্ত নেন।
রব স্টার্লিং জানান, যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি কনফারেন্স চলাকালে অনানুষ্ঠানিকভাবে ড্যানিয়েল স্কালির রেকর্ডটি ভেঙেছিলেন। এরপরই তিনি এক ঘণ্টায় ৩,২০০টি পুশ আপ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গিনেস রেকর্ড গড়ার লক্ষ্য স্থির করেন।
তিনি আরও জানান, এক ঘন্টায় ৩,২৬৪টি পুশ আপ দেওয়ার ভিডিও ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের জন্য জমা দেওয়া হয়েছে। এখন শুধু তাদের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা।
এক ঘণ্টায় সর্বোচ্চ পুশ আপের রেকর্ড গড়ার পর রব স্টার্লিং এখন এক মিনিটে সর্বোচ্চ পুশআপের আরেকটি গিনেস রেকর্ড গড়ার লক্ষ্যে কাজ করছেন। বর্তমানে রেকর্ডটি যার দখলে, তিনি এক মিনিটে ১৪৪টি পুশ আপ দিয়েছিলেন।



