Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্ম অবমাননার মামলায় ইরানে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর

এর আগে, গত শনিবার হাবিব চাব নামে সুইডিশ-ইরানিয়ান নাগরিকের ফাঁসি কার্যকর করে তেহরান 

আপডেট : ০৮ মে ২০২৩, ০৯:৩৫ পিএম

ইরানে ধর্ম অবমাননার দায়ে ইউসেফ মেহরদাদ ও সাদরোল্লাহ ফাজেলি নামে দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজান জানায়, তাদের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও নবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটাক্ষের অভিযোগ ছিল।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, দুই ব্যক্তি একাধিক ধর্মবিরোধী অনলাইন প্লাটফর্ম পরিচালনা করছিলেন। এর মাধ্যমে তারা ইসলাম ধর্ম ও এর পবিত্র বিষয়গুলোকে অমর্যাদার পাশাপাশি নাস্তিকতার প্রচার চালাচ্ছিলেন বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের একজন কন্টেন্ট প্রচারের কথা স্বীকার করেছেন। তবে এই ধরনের স্বীকারোক্তি সাধারণত জোরপূর্বক নেওয়া হয় বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর।

গত শনিবার হাবিব চাব নামে সুইডিশ-ইরানিয়ান নাগরিকের ফাঁসি কার্যকর করেছে তেহরান। এই ঘটনাকে “অমানবিক” হিসেবে উল্লেখ করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সুইডেন।

চীনের পরই ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। দুইটি অধিকার সংস্থার গত মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ইরানীয় কর্তৃপক্ষ ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা ২০২১ সালের চেয়ে ৭৫% বেশি।

নরওয়ে ভিত্তিক ‘‘ইরান হিউম্যান রাইটস” এবং প্যারিসভিত্তিক “টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি” এপ্রিলে জানিয়েছে, চলতি বছর ১৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

   

About

Popular Links

x