ইকুয়েডরের একটি কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।
সোমবার (৯ মে) দেশটির সান্তো ডোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে এ ঘটনা ঘটেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
কারাগারের ভেতরে লস লোবোস এবং আর-৭ নামের দুটি গ্যাং গ্রুপের বন্দিদের মধ্যে এই দাঙ্গার ঘটনা ঘটে। এ সময় সহিংসতার সুযোগ নিয়ে শতাধিক বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন
সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে
এদিকে পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের জানিয়েছেন, দাঙ্গার সুযোগ নিয়ে অনেক বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে ১১২ জনকে ফের আটক করা হয়েছে। তবে আরও ১০৮ জনের এখনও পর্যন্ত খোঁজ মেলেনি।
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা এটিই প্রথম নয়। গত মাসে দেশটির এল তুরি কারাগারে সংঘটিত দাঙ্গায় অন্তত ২০ বন্দি নিহত হয়। আর ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটির বিভিন্ন কারাগারে সংঘটিত দাঙ্গার ঘটনায় নিহত হয়েছে প্রায় ৩৫০ বন্দি।



