Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লদিয়া গোল্ডিন

  • নারী শ্রমবাজার নিয়ে মানুষের বোঝাপড়ার উন্নয়ন ঘটাতে গবেষণা করেন ক্লদিয়া
  • তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপনায় যুক্ত
  • অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় নারী তিনি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইতিহাসবিদ ক্লদিয়া গোল্ডিন। নারী শ্রমবাজারের প্রভাব নিয়ে মানুষের বোঝাপড়ার উন্নয়ন ঘটানোর স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হলো। অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় নারী তিনি।

সোমবার (৯ অক্টোবর) এই পুরস্কারের জন্য মার্কিন অর্থনীতিবিদ গোল্ডিনের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

সুইডিশ একামেডির পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক শতাব্দী ধরে নারীদের উপার্জন ও শ্রমবাজারে তাদের অংশগ্রহণ সম্পর্কে বিস্তৃত তথ্য তিনিই প্রথম তুলে ধরেছেন। তার গবেষণায় পরিবর্তনের কারণসহ লিঙ্গ বৈষম্য বজায় থাকার প্রধান উৎসও উঠে এসেছে।

১৯৪৬ সালে নিউইয়র্কে জন্ম ক্লদিয়া গোল্ডিনের। ১৯৭২ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপনায় যুক্ত।

এর আগে ২০০৯ অর্থনীতিতে প্রথম নারী হিসেবে নোবেল জিতেছিলেন এলিনর অসট্রম।

গত বছর অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা কতটা, অর্থনৈতিক সংকট এড়াতে ব্যাংকের সুরক্ষা কতটা জরুরি, সেই আন্তঃসম্পর্কে আলো ফেলে নোবেল পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ বেন এস বেরনানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ।

এবার চিকিৎসা বিজ্ঞানে হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী কাতালিন ক্যারিকো ও মার্কিন চিকিৎসক-বিজ্ঞানী ড্র ওয়াইজম্যান, পদার্থবিজ্ঞানে মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের, রসায়নে ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমোভ এবং সাহিত্যে নরওয়ের লেখক ও নাট্যকার ইয়ন ফসে নোবেল পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান।

   

About

Popular Links

x